“টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ড” অল্পের জন্য রক্ষা!
মোঃ মাইনুদ্দীন সুনামগঞ্জ :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরগামী পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউসবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউসবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল।
নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউসবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউসবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ‘মাছরাঙা’ নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

