ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. হাছিব


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. হাছিব

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ নতুন সরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর প্রথম উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব নিয়োগ পেয়েছেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর নির্ধারণ করা হয়েছে। উপাচার্য পদে যোগদানের আগে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর ঐতিহ্যবাহী ও পুরোনো সাতটি সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর অধীনে আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশটি জারি করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন