
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বেশ ক’জন কর্মকর্তা কাছাকাছি সময়ে ঢাকা সফর করতে পারেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী রিচার্ড ন্যাপিউ আসছেন আগামী সপ্তাহে। দুর্নীতি দমন বিষয়ে আলোচনার জন্য আসছেন তিনি। চলতি মাসের দ্বিতীয়ার্ধে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতি বিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। তাছাড়া আগামী মাসের প্রথমার্ধে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের বৈঠকে যোগ দিতে আসার কথা রয়েছে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্চের।
যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে, দুই দেশের সম্পর্কে অন্যান্য ইস্যুর মধ্যে গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার থাকবে কেন্দ্রবিন্দুতে। তবে রুটিন বহুমাত্রিক সম্পর্কে তেমন প্রভাব পড়বে না। সেই বক্তব্যের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার উচ্চ পর্যায়ের সফর এবং বৈঠকগুলো হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত এক দশকের বেশি সময় জুড়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বহুমাত্রিক হয়েছে।
সামগ্রিকভাবে সহযোগিতার ক্ষেত্রগুলোকে পাঁচটি বিষয়ের ওপর জোর দেয়া যেতে পারে। এই ক্ষেত্রগুলো হচ্ছে-মানবাধিকার ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, অপ্রচলিত নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সহযোগিতা। এর মধ্যে মানবাধিকার এবং সুশাসন নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। বিশেষ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং বিশেষায়িত বাহিনীর সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসায় বিধিনিষেধ আরোপ সংক্রান্ত ভিসা নীতি তারই প্রতিফলন।
আপনার মতামত লিখুন :