জাতীয় পার্টির দুর্গে ধস নামল কেন
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির দুর্গে ধস নামল কেন?‘এরশাদ ব্র্যান্ড’-এর ওপর নির্ভরশীল থাকা জাতীয় পার্টি রংপুর বিভাগে এবার মোটেও ঘুরে দাঁড়াতে পারেনি। লাগাতার ঘরোয়া বিবাদ পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে দলটির কোনো সেতুবন্ধ না থাকায় নির্বাচনে তার প্রভাবও পড়েছে। এসব কারণে ভোট ব্যাংককেও কাজে লাগাতে পারেনি দলটি।
বিভাগের ৩৩টি আসনের মধ্যে ২৯টিতে প্রার্থী দিলেও একটিতেও জেতেনি। বরং তিন হাজারের নিচে ভোট পেয়েছেন এমন আসনের সংখ্যা ১১টি। অথচ ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে রংপুর অঞ্চল থেকে ১৭টি, ১৯৯৬ সালের নির্বাচনে ২১টি, ২০০১ সালের নির্বাচনে ১৪ আর ২০০৮ সালে রংপুর বিভাগ থেকে ১২টি আসন পায়। ২০১৮ সালের নির্বাচনে রংপুর বিভাগে সাত, আর ২০২৪ সালের ডামি নির্বাচনে রংপুর বিভাগে মেলে তিনটি আসন।
দলের ঘরোয়া সূত্রও জানিয়েছে, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীসহ রংপুর বিভাগের জেলাগুলোয় জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ছিল। লাঙল প্রতীক ও এরশাদের প্রতি দুর্বলতা বিবেচনায় বৃহত্তর রংপুর অঞ্চলে জি এম কাদেরের জাপা কিছুটা অবস্থান ধরে রাখতে পারবে—এমনটাই ধারণা করা হয়েছিল। রাজনৈতিক চালে জি এম কাদেরকে অনেকটা কোণঠাসা করে রাখার চেষ্টা চলেছে প্রতিনিয়তই। সে কারণেও ঘুরে দাঁড়াতে পারছে না দলটি।

