নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের মামলা

✎ নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম ওরফে টমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা এ মামলায় তাঁকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম বলে অভিযোগ করেছেন বাদী।

এজাহারে উল্লেখ করা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করেন আবদুল হালিম। এ ছাড়া বাড়ি থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

ইদ্রিস আলী এজাহারে দাবি করেন, ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চাইলে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম বিরোধপূর্ণ জমিটি দখল করেছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তাহীনতায় পরিবারসহ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করতে না পারলেও নতুন করে হয়রানির আশঙ্কায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি তিনি জানেন না। অন্যের জমি দখলের প্রয়োজন তাঁর নেই। তাঁর নিজেরই পর্যাপ্ত জমি রয়েছে। কেউ প্ররোচিত হয়ে ইদ্রিস আলীকে দিয়ে মামলা করিয়ে থাকতে পারেন। অভিযোগ তদন্তে প্রমাণিত হবে কি না, তা আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। এটি জমিজমা-সংক্রান্ত বিরোধের ঘটনা। মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ই-প্রিন্ট