ফেনী সীমান্তে বিজিবি-পুলিশের যৌথ অভিযান, মানবপাচার মামলার তিন আসামি গ্রেপ্তার

✎ মোহাম্মদ ইসমাইল, ফেনী
প্রকাশিত হয়েছে: ১৩ নভেম্বর, ২০২৬

ফেনী সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লিটন মিয়া (৪১), মহিউদ্দিন (৪৫) ও জাহিদ (২২)।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০২ দশমিক ৯ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক চলাচল শনাক্ত করা যায়।

তিনি বলেন, কোনো পলাতক বা ওয়ারেন্টভুক্ত আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালানো হচ্ছে। এ কাজে সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

সীমান্তবাসীর উদ্দেশে তিনি বলেন, এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ই-প্রিন্ট