সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের এক ঘণ্টার বৈঠক


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ ১১২
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের এক ঘণ্টার বৈঠক

লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক : ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত সচিবের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজার সফর করে রাতে ঢাকায় ফেরেন। এর মধ্যেই এনসিপি নেতাদের সঙ্গে তার কক্সবাজার বৈঠক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার সঙ্গে কক্সবাজারের হোটেল সি পার্লে পিটার হাসের গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার উপস্থিতির কথা বলা হয়েছিল। এই খবর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করলেও, পরে জানা যায় যে ওই দিন পিটার হাস আসলে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে গত বছরের অক্টোবরে এক্সিলারেট এনার্জিতে যোগ দেন পিটার হাস। এই বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে, বাংলাদেশে ব্যবসা প্রসারে পিটার হাসের অভিজ্ঞতা কাজে লাগাতে তারা তাকে নিয়োগ দিয়েছে। ফলে অবসর নেওয়ার পরও তার বাংলাদেশে আসা-যাওয়া অব্যাহত রয়েছে।

গত এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে পিটার হাস ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন। সর্বশেষ এই সফরে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১