বাংলাদেশ খেলাফত মজলিস-এবি পার্টি


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ ৪৩
বাংলাদেশ খেলাফত মজলিস-এবি পার্টি

মোহাম্মদ ইসমাইল, ফেনী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে নতুনভাবে রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে। কেন্দ্রে ‘১০ দলীয় নির্বাচনী ঐক্যের’ শরিক হলেও স্থানীয় পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোটে বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টি উভয়েই অন্তর্ভুক্ত। মঙ্গলবার দুপুরে শহরের আলীয়া মাদ্রাসা মার্কেটে অবস্থিত জেলা খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সদর আসনে রিকশা প্রতীকে ভোটের লড়াইয়ে মাঠে থাকার ঘোষণা দিলেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঞা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সদর আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা হারুনুর রশিদ ভূঞা লিখিত বক্তব্যে বলেন, ফেনী-২ আসনে ১০ দলের পক্ষে অন্য একটি মার্কার পাশাপাশি ১০ দলের অন্যতম শরিকদল আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কায় আমাকে মনোনয়ন দেওয়া হয়। ১০ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের সাথে উন্মুক্ত থাকার সিদ্ধান্ত হয় কিন্তু ওই আসনে এবি পার্টির প্রার্থী ১০ দলের সিদ্ধান্ত অমান্য করে প্রত্যাহার না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধান্তের আলোকে আমরাও এ আসনে নির্বাচন করছি। সম্মানিত ভোটারদের রিকশা মার্কায় ভোট দিয়ে ফেনী-২ আসনে আল্লামা মামুনুল হক এবং ১০ দলের হাতকে শক্তিশালী করার অনুরোধ করছি।

আমরা ইতোমধ্যে যেসব এলাকায় গণসংযোগে গিয়েছি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সবশেষে মাওলানা হারুনুর রশিদ ভূঞা সংবাদ সম্মেলনে তার নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মো. নাজমুল আলম, সদর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. ইয়াছিন ও জেলা ছাত্র মজলিসের সম্পাদক আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১