বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে পড়াশোনা করার সময় ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন শিরিন। তিনি ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান।

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না: মির্জা ফখরুল

পরবর্তী সময়ে তিনি ধাপে ধাপে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হন। একই বছর জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। পরে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন বিলকিস।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও যুক্ত ছিলেন শিরিন। কর্মজীবনের শুরুতে তিনি বরিশাল সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় এক দশক অধ্যাপনা করেন। পেশায় তিনি একজন আইনজীবীও।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন