
রাজনগর প্রতিনিধি :মৌলভীবাজারের রাজনগরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ ও পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগে এক এজেন্সির প্রতিনিধি দল ও সহযোগীদের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে রুমন মিয়া (৩১) বাদী হয়ে রাজনগর থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—সিলেটের শাহজালাল উপশহরের ‘ফেমক্স এডুকেশন’ (হাউজ নং-০১, রোড-৩৮, ব্লক-সি)-এর প্রতিনিধি মোশারফ হোসেন হামদান (৪২), কুলাউড়া উপজেলার চুয়াবালী গ্রামের আব্দুল আজিজ মাহিন (২৩), কাদিপুর ইউনিয়নের তাহমিনা আক্তার (২৭), সুমা ঘোষ কেয়া (২৫) এবং মোগলাবাজার থানার মোস্তাফিজুর রহমান (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ১নং বিবাদী মোশারফ হোসেন হামদানকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তার সহযোগী ও বাদীর প্রতিবেশী ২নং বিবাদী আব্দুল আজিজ মাহিনের মাধ্যমে বাদীর ভাই ১নং সাক্ষী ইমন মিয়াকে বিদেশে পাঠানোর চুক্তি করা হয়। বিবাদীদের কথামতো বাদী রুমন মিয়া পূবালী ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বরে গত ১৮/০৩/২০২৫ তারিখে ২ লাখ টাকা এবং গত ০৯/০৭/২০২৫ তারিখে ৬ লাখ টাকা—সর্বমোট ৮ লাখ টাকা প্রদান করেন।
টাকা গ্রহণের পর দীর্ঘ ১৭ মাস পার হয়ে গেলেও বিবাদীরা বাদীর ভাইকে বিদেশে পাঠায়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তারা আজ-কাল বলে সময়ক্ষেপণ করতে থাকে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি রাজনগর থানাধীন ১নং ফতেহপুর ইউনিয়নের মোকাম বাজারে ২নং বিবাদী আব্দুল আজিজ মাহিনকে সামনে পেয়ে পাওনা টাকা ফেরত চাইলে সে উত্তেজিত হয়ে পড়ে। বিবাদী গালাগালি করে বাদীর উপর চড়াও হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলে—টাকা ফেরত দেওয়া হবে না এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে বাদীকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। পরবর্তীতে অন্যান্য বিবাদীদের ফোনে বিষয়টি জানালে তারাও একই ধরনের ভয়ভীতি দেখায়।
স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে কোনো সমাধান না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে বাদী রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আনসার আলী জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :