রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষায় সবাই


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ ৭২
রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষায় সবাই

রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষায় সবাই। দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন-এই প্রশ্নের উত্তর জানতে উদ্গ্রীব হয়ে আছেন দেশবাসী। জনমনে ব্যাপক কৌতূহল।

রাজনৈতিক দলগুলোর ভেতরে-বাইরে চলছে নানা আলোচনা। চায়ের আড্ডায়ও ঝড় তুলছেন সাধারণ মানুষ। প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক মহলের নজরও এখন এদিকে। আজ সবার আগ্রহ ও কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে। সকালে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারেক রহমান যার নাম ঘোষণা করবেন, তিনিই হবেন বঙ্গভবনের পরবর্তী অধিপতি।

বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যায়, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত। তবে বিএনপির কৌশলগত নীরবতায় কেউ কেউ শেষ মুহূর্তে চমকের অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। দুপুরের আগেই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। তার পক্ষে আজ মনোনয়নপত্র দাখিল করবেন জোট নেতারা।

প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ৩৪৯ জন সংসদ-সদস্য ভোট দেবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ-সদস্যদের। সে হিসাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণা করা স্রেফ আনুষ্ঠানিকতা বাকি।

সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে ১ আগস্ট স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর ভার দেন। পরবর্তী সময়ে স্থায়ী কমিটির সিনিয়র চারজন সদস্যসহ সরকারের কয়েকজন আমলাকে ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত নানা সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিএনপি।

জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিধি অনুযায়ী প্রার্থীকে মনোনয়নপত্রে সম্মতিসূচক স্বাক্ষর করতে হয়। জানা যায়, এরই মধ্যে সম্মতিসূচক নথিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি। রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া নজর থাকায় স্থায়ী কমিটির সদস্যরাও কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে বুধবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল। এদিন মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। অনেকেই মন্ত্রীর সঙ্গে ছবি ও সেলফি তোলেন। পরবর্তী রাষ্ট্রপতি ধরে নিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন কেউ কেউ। ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে ৬ আগস্ট তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপি দুটি এবং জামায়াত জোট একটি ফরম নিয়েছে। সব কিছু ঠিক থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১