অনলাইন জুয়াবিরোধী অবস্থানের জেরে হামলা, ২২ দিন পর শিক্ষকের মৃত্যু; কয়েকটি বাড়িতে আগুন


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ণ ১০৬
অনলাইন জুয়াবিরোধী অবস্থানের জেরে হামলা, ২২ দিন পর শিক্ষকের মৃত্যু; কয়েকটি বাড়িতে আগুন

লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জেরে হামলার শিকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ২২ দিন পর শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি সামাজিক উদ্যোগ ‘আলোকিত লালমনিরহাট’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম ও তাঁর সহযোগীদের অনলাইন জুয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্প্রতি অবস্থান নেন আরিফুল। এসব কর্মকাণ্ড বন্ধে তিনি স্থানীয়ভাবে আহ্বান জানান এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এর জের ধরে গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, রহিদুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আরিফুলের ওপর হামলা চালান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতাল, আল-ইনসাফ বারাকা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। স্বজনেরা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও আসন খালি হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের একটি পুত্রসন্তানের জন্ম হয়। স্ত্রী ও দুই সন্তান রেখে তিনি মারা গেলেন।

এ ঘটনায় ২ আগস্ট আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে আরিফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা মামলার আসামিদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা কয়েকটি বাড়িতে আগুন দেয়। স্থানীয় সূত্রের দাবি, পাঁচ থেকে ছয়টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১