কুলাউড়ায় দৃশ্যমান কর্মসংস্থান চান তরুণেরা : বর্তমান সরকারের কাছে যুবসমাজের প্রত্যাশা


মোঃ আব্দুল কালাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ ৭৬
কুলাউড়ায় দৃশ্যমান কর্মসংস্থান চান তরুণেরা : বর্তমান সরকারের কাছে যুবসমাজের প্রত্যাশা

মোঃ আব্দুল কালাম, মৌলভীবাজার জেলা  প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দীর্ঘ দিন ধরে বেকার যুবকদের জন্য দৃশ্যমান কোনো কর্মসংস্থানের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এলাকার তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন চরম বেকারত্ব সংকটে ভুগছেন। এই সংকট দূরীকরণে বর্তমান সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা।

গত ২২ আগস্ট (শনিবার) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তারা এই প্রতিবেদককে তাদের স্বপ্ন ও তীব্র সংকটের কথা জানান। কুলাউড়ার কাদিপুরের ছাত্র বকুল বলেন, “আমাদের পড়াশোনা শেষ করার পর এলাকায় স্থায়ী কোনো কর্মসংস্থানের সুযোগ নেই বললেই চলে। যুবকদের কর্মক্ষম হাত অলস বসে থাকছে। আমরা বর্তমান সরকারের কাছে সবার আগে বেকারত্ব দূরীকরণের স্থায়ী সমাধান চাই।”একই সুর শোনা গেল জয়চন্ডী এলাকার শিক্ষার্থী তাহমিনা জান্নাতের কণ্ঠে। তিনি বলেন, “কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার পরও কুলাউড়ায় তরুণীদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ বা কোনো শিল্প উদ্যোগ গড়ে ওঠেনি। কর্মসংস্থান না থাকায় যুবসমাজের একটি বড় অংশ হতাশায় নিমজ্জিত হচ্ছে।”

এদিকে রবিরবাজারের স্কুল ছাত্র জোবায়ের আহমদ ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে জানায়, “আমরা পড়াশোনা করছি একটি সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু এলাকায় যদি কর্মমুখী কোনো প্রকল্প বা যুবকদের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা চাই সরকার কুলাউড়াকে নিয়ে নতুন পরিকল্পনা করুক।”স্থানীয় সচেতন মহলের মতে, কুলাউড়া প্রবাসী অধ্যুষিত অঞ্চল হলেও এখানে স্থানীয় যুবকদের জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে বড় কোনো শিল্প-কারখানা কিংবা আত্মকর্মসংস্থানমূলক বড় প্রকল্প গড়ে ওঠেনি। যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু স্বল্পমেয়াদী প্রশিক্ষণ থাকলেও তা অধিকাংশ যুবকের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না।

ফলে দিন দিন বেকারত্বের গ্রাফ ওপরের দিকে যাচ্ছে, যা তরুণদের মাদকের মতো অন্ধকার পথে ধাবিত করার ঝুঁকি বাড়াচ্ছে।কুলাউড়ার তরুণ প্রজন্মের এই দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের কাছে তাদের স্পষ্ট প্রত্যাশা—আইটি পার্ক স্থাপন, কুটির শিল্পের বিকাশ, যুব ঋণের সহজলভ্যতা এবং স্থানীয় পর্যায়ে দৃশ্যমান কর্মসংস্থান সৃষ্টি করে কুলাউড়ার হাজারো বেকারের মুখে হাসি ফোটানো হোক।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১