
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের বাস কাউন্টারে দায়িত্ব পালনকালে সাকের হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের প্রকৃত আসামি ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা সিসিটিভি ফুটেজ, ব্যালিস্টিক তথ্য ও অন্যান্য আলামত যথাযথভাবে বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাকের হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের বাস কাউন্টারে দায়িত্ব পালনকালে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাকের হোসেন (৩৯)। পরদিন তাঁর স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
আপনার মতামত লিখুন :