
এর আগে বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে তাঁর পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবরের আদেশ এবং জেলা প্রশাসনের ১০ নভেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অপসারিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে সরকারি খাসজমি দখলের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
গত ১৫ অক্টোবর শুনানি শেষে হাইকোর্ট তাঁর অপসারণের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন এবং তাঁর পুনর্বিবেচনার আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেন। পরবর্তী সময়ে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস আদেশে তাঁর পুনর্বহাল কার্যকর হয়।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রসিদ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আসাদুজ্জামান, বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন চেয়ারম্যান।
দায়িত্ব গ্রহণের পর গ্রেনেট বাবু বলেন, “সব ভেদাভেদ ভুলে ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব।”
তবে তাঁর পুনর্বহাল নিয়ে স্থানীয়ভাবে বিরোধিতাও রয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুনর্বহালের প্রতিবাদে কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, খাসজমি দখল, ক্ষমতার অপব্যবহার ও ইউনিয়ন পরিষদের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগে তাঁকে অপসারণ করা হয়েছিল। তাঁরা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
আপনার মতামত লিখুন :