পরীমনি ‘ফ্লপ নায়িকা’: অপু বিশ্বাস


বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ ১৩৩
পরীমনি ‘ফ্লপ নায়িকা’: অপু বিশ্বাস

ঢালিউডের দুই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনি এর মধ্যকার দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে কটাক্ষ ও পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন দুই অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে পরীমনির ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, একজন শিল্পীর সব সময় গোছানো জীবনযাপন করা উচিত। অপুর এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি।

এরপর ফেসবুক লাইভে এসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য তুলে ধরেন অপু বিশ্বাস। তাঁর বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট রাখা প্রয়োজন।

অপুর সেই বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ করে তীর্যক মন্তব্যের পাশাপাশি ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রূপ করেন তিনি।

এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেছেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তাঁর অভিনয়জীবন নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাসের দাবি, সংশ্লিষ্ট অভিনেত্রীর অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন কিংবা উল্লেখযোগ্য আলোচনায় আসেনি।

তিনি বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনিও। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর পোস্টে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। শোবিজ অঙ্গনের অনেকেই কাজের বাইরে ব্যক্তিগত বিরোধ ও প্রকাশ্য কাদা ছোড়াছুড়ির সমালোচনা করছেন।

সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছে অপু বিশ্বাস ও পরীমনির পুরোনো দ্বন্দ্ব। তবে ব্যক্তিগত এই বিরোধের বাইরে দুই অভিনেত্রীর পেশাগত কাজ ও নতুন সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০