স্ট্রবেরি চাষে তপুর সাফল্য


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
স্ট্রবেরি চাষে তপুর সাফল্য
আজাহার ইসলাম (গাজীপুর) শ্রীপুর:  শীতপ্রধান দেশের ফল হিসেবে স্ট্রবেরির প্রচলন থাকলেও প্রান্তিক কৃষকদের কল্যাণে এখন বাংলাদেশেও স্ট্রবেরি চাষ ব্যাপক পরিচিতি লাভ করেছে। এমন প্রান্তিক কৃষকদের তালিকায় আছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার  তোফায়েল আহমেদ তপু (২৬)। তিনি ৪ বছর ধরে স্ট্রবেরি চাষ করে আসছেন। তপু  শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের উসমান আলীর ছেলে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করার পর চাকরির প্রত্যাশায় ঘুরে চাকরি না পেয়ে স্বাবলম্বী অর্জনের লক্ষ্যে বিভিন্ন পথ খুঁজতে থাকেন।
অবশেষে স্ট্রবেরি চাষ করে পেয়েছেন সাফল্য। এবার দুই বিঘা জমিতে চাষ করেছেন স্ট্রবেরি। ফল পাকতে শুরু করেছে। প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি করছেন সাতশ থেকে আটশ টাকা দামে। চলতি মাসে ৫০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন। গত বছরের চেয়ে এবার বেশি মুনাফা পাওয়ার আশা করছেন। তিনি আশা করছেন এ বছরও লাভবান হবেন।
স্ট্রবেরি চাষ করে কেবল তিনি নিজেই লাভবান হয়েছেন তাই নয়, অন্যদেরও স্ট্রবেরি চাষে প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে উৎসাহিত করেছেন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, দিন দিন এ ফলের চাহিদা বাড়ছে। তাই অনেকে বাড়ির ছাদে চাষ করছেন। উপজেলায় বিভিন্ন এলাকায় স্ট্রবেরি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বর্তমানে স্ট্রবেরি চাষ খুবই লাভজনক।