
শনিবার (২১ নভেম্বর) কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট, ফুটপাত ও বাজারে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। এতে দিনমজুর, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে গেছে। ফলে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
ফুটপাতের ব্যবসায়ী লিটন বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে কোনো বেচাকেনা নেই। ভ্যানচালক রাশিদুল বলেন, বৃষ্টিতে রাস্তায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে আয়ও বন্ধের মতো অবস্থা। একই পরিস্থিতির কথা জানিয়েছেন বিসমিল্লাহ কসমেটিকসের ব্যবসায়ী আমির হোসেন খসরু।
এদিকে টানা বৃষ্টিতে কৃষিক্ষেত্রেও দেখা দিয়েছে উদ্বেগ। কুষ্টিয়ার বিভিন্ন মাঠে এখন পাকা আমন ধান। ইতোমধ্যে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন। পাশাপাশি চলছে পেঁয়াজের বীজ বপনের প্রস্তুতি। কিন্তু বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের আঁটি ও খড় ভিজে গেছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাটা ধান।
কৃষক লাল্টু ফরায়েজি বলেন, মাঠে ধান পেকে গেছে, এখন কাটার সময়। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পেঁয়াজের বীজতলাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
অন্যদিকে, বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমলেও বিভিন্ন সবজির দাম বাড়তে শুরু করেছে। বেগুন, ফুলকপি ও ধনেপাতাসহ বেশ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
সবজি বিক্রেতা রসো ও বাবু জানান, বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে সবজির সরবরাহ কমে যেতে পারে। এতে অন্যান্য সবজির দামও বাড়ার আশঙ্কা রয়েছে।
কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।