গঙ্গাচড়ায় ১ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড শুমারি, নিয়োগ পাবেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার


আব্দুল বারী দুলাল, গঙ্গাচড়া (রংপুর) প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ ৬৫১
গঙ্গাচড়ায় ১ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড শুমারি, নিয়োগ পাবেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬। দেশব্যাপী পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি পরিবারের তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন এ শুমারি আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন এবং সুপারভাইজাররা পুরো কার্যক্রম তদারকি করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে আবেদন করতে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে দক্ষতা, সংশ্লিষ্ট এলাকার বিষয়ে ধারণা এবং বাংলা ভাষায় পড়া, লেখা ও বলার সক্ষমতা থাকতে হবে।

অন্যদিকে সুপারভাইজার পদে আবেদনকারীদের ন্যূনতম স্নাতক বা সমমান পাস এবং বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে নারী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ অগ্রাধিকার রাখার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বা অনুরূপ জরিপে তথ্য সংগ্রহের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, পেশাগত পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা অফিস, গঙ্গাচড়ায় জমা দিতে হবে। আবেদনপত্র বিতরণ ও জমা গ্রহণের সময়সূচি বিজ্ঞপ্তিতে নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জুলাই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে পরিবারের তথ্যভাণ্ডার হালনাগাদ করা হবে। এজন্য দায়িত্বশীল, সৎ ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে শুমারির কাজ সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১