বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন, রাঙামাটিতে শুরু তিন দিনব্যাপী বৃক্ষমেলা


বিজয় ধর, রাঙামাটি প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ ১৬৬
বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন, রাঙামাটিতে শুরু তিন দিনব্যাপী বৃক্ষমেলা

বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান এবং চাকমা সার্কেলের সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ বাঞ্চিতা চাকমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলার মাধ্যমে জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১