
বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী বিল্লাল ভূইয়ার বিরুদ্ধে ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল, মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে । গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী বিল্লালের বড় ভাই মোঃ হেলাল উদ্দিন ভূইয়া বাদী হয়ে বিল্লালসহ আরো ৪ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদী মোঃ হেলাল উদ্দিন ভূইয়া দীর্ঘ প্রায় ২৮ বছর যাবত কুয়েতে কর্মরত আছেন। দেশে না থাকার কারনে তার মালিকানাধীন সকল সহায় সম্পত্তি বিল্লাল ভূইয়া ও তার আরেক ভাই হাবিবুর রহমান জোরপূর্বক ভোগদখল করে আসছে। বিভিন্ন সময়ে ছুটিতে দেশে আসলে উক্ত সম্পত্তি তাদের নামে লিখে দেয়ার জন্য হুমকি ধমকি দিয়ে থাকে তারা। গত ১৯ ফেব্রুয়ারি হেলাল উদ্দিন দেশে এসে তার সুলতানপুরের জায়গা দেখতে গেলে বিল্লাল ও হাবিবুরসহ আরো কয়েকজন তাকে মারধর করে জায়গা লিখে দিতে হুমকি দেয়। জায়গা ভোগদখল করতে হলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় তার সাথে থাকা মোবাইল ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করেন হেলাল।
এ বিষয়ে জানতে বিল্লাল ভূইয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তার কিছু বলার নেই।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :