
বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৬ মাস আগে বুল্লা গ্রামের কাউসার মেম্বারের মেয়ে স্থানীয় নোয়াব আলী গোষ্ঠীর আব্দুল আহাদের ছেলে মহসীনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দুই পরিবার মেনে না নেয়ায় তারা গ্রাম থেকে পালিয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে স্থানীয় আরও কয়েকটি গোষ্ঠির লোকজন যোগ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :