লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ: ছোট বোনের পর মারা গেলেন বড় বোনও


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ: ছোট বোনের পর মারা গেলেন বড় বোনও

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ বড় বোন সালমা আক্তার স্মৃতিও (১৭) না ফেরার দেশে চলে গেলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের দুই বোনের মৃত্যু হলো।

এর আগে গত ১৯ ডিসেম্বর অগ্নিকাণ্ডের দিনেই ঘটনাস্থলে স্মৃতির ছোট বোন আয়েশা আক্তার (৭) মারা যায়। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান স্মৃতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুরের ওই ঘটনায় স্মৃতি ও তাঁর বোন বিথিকে হাসপাতালে আনা হয়েছিল। স্মৃতির শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল, ফলে প্রথম থেকেই তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। তবে অন্য বোন বিথীর আঘাত সামান্য হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট মেয়ে আয়েশা আক্তার।

এ ঘটনায় বেলাল হোসেন নিজে এবং তাঁর দুই মেয়ে স্মৃতি ও বিথি গুরুতর দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিলেও দুই মেয়ের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে অবশেষে বড় বোন স্মৃতিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই জড়িতদের বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।