হাতিয়ায় পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিল উপজেলা প্রশাসন


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ ১৮৩
হাতিয়ায় পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিল উপজেলা প্রশাসন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

এমন পরিস্থিতিতে পানিবন্দি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের নেতৃত্বে হাতিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া পৌরসভা, নলচিরা, সুখচর, চরকিং, তমরুদ্দি, সোনাদিয়া, বুড়িরচর ও নিঝুমদ্বীপসহ বিভিন্ন ইউনিয়নের বাড়িঘর, আঙিনা ও সড়কে পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। ফলে কয়েক হাজার পরিবার খাদ্যসংকটে পড়েছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘হাতিয়া টিম’-এর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়ে তাঁদের হাতে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় শুকনো খাবার পৌঁছে দেন।

পানিবন্দি বাসিন্দা মো. নুরুল করিম, খায়ের, নাসির উদ্দীন, জাকের ও হকসাব বলেন, কয়েক দিন ধরে কাজে যেতে না পারায় পরিবার নিয়ে চরম সংকটে ছিলেন। প্রশাসনের দেওয়া খাদ্যসহায়তায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

গৃহিণী কুলসুমা বেগম বলেন, ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটছিল। বাজারে যাওয়ারও সুযোগ ছিল না। প্রশাসনের এই সহায়তা তাদের জন্য অনেক উপকার হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। এ পর্যন্ত প্রায় এক হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। কোনো পানিবন্দি পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না বলেও জানান তিনি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১