
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলায় শিয়ালের কামড়ে হুমায়রা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু হুমায়রা ওই গ্রামের রিকশাচালক হুমায়ুন কবিরের একমাত্র মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এশার আযানের পর হুমায়রা তার চাচার ঘর থেকে নিজের ঘরে ফিরছিল। এসময় একা পেয়ে বাড়ির উঠান থেকে একটি শিয়াল তাকে কামড়ে ধরে পাশের ঝোপে নিয়ে যায়। প্রথমে পরিবারের কেউ বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর মেয়েকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে বাড়ির পাশের ঝোপের ভেতর থেকে শিশুটির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
হুমায়রার চাচি সমলা আক্তার বলেন, এশার আযানের পর হুমায়রাকে তার চাচার ঘরে দিয়ে যাওয়া হয়েছিল। কিছুক্ষণ পর সে মায়ের কাছে আসতে চাইলে আমরা ভাবি সে ঘরে চলে গেছে। কিন্তু সে যে একা একা বের হয়ে শিয়ালের কবলে পড়েছে, তা আমরা বুঝতে পারিনি। পরে খোঁজাখুঁজির পর ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার পুরো শরীরে নখের আঁচড় ও কামড়ের দাগ ছিল এবং শরীরের বিভিন্ন অংশের মাংস ছিল না।
নিহত শিশুর বাবা হুমায়ুন কবির কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। আমার তিন ছেলে ও এক মেয়ে ছিল। একমাত্র মেয়েটাকে শিয়াল এভাবে ছিঁড়ে খেল, এটা আমি মানতে পারছি না।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে তিনি এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :