চুয়াডাঙ্গায় ১১৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

✎ শিমুল রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গায় ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ। প্রতিমায় রং, পোশাক ও অলংকার পরানো এবং মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজকেরা। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

জেলা পূজা উদ্‌যাপন কমিটির তথ্য অনুযায়ী, এবার চার উপজেলায় পূজা হবে। এর মধ্যে আলমডাঙ্গায় ৩৯টি, চুয়াডাঙ্গা সদরে ৩৩টি, দামুড়হুদায় ২০টি এবং জীবননগরে ২৪টি মণ্ডপ রয়েছে।

পূজাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে। পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানিয়েছেন, পূজার আগে, চলাকালে ও পরে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা থাকবে।

১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাষ্টমী, ১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে। ওই দিন প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

ই-প্রিন্ট