
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, হাসান ইমাম লিটনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মো. মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের অধীনে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন। নির্মাণকাজ চলমান থাকলেও কাজ শেষ না করেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে সম্পূর্ণ বিল দাবি করেন। এতে বিল দিতে অস্বীকৃতি জানালে নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন বক্তারা।
তাঁদের দাবি, হামলায় নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম বলেন, বুধবার সকালে ঠিকাদার মিঠু শেখ তাঁর কার্যালয়ে এসে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই চূড়ান্ত বিল দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। সরকারি বিধিবিধানের কথা উল্লেখ করে তাঁকে জানানো হয়, কাজ সম্পন্ন না হলে বিল দেওয়ার কোনো নিয়ম নেই।
হাজেরুল ইসলামের অভিযোগ, এ কথা শুনে মিঠু শেখ বলেন, ‘আপনার নিয়ম আপনার কাছে রাখেন, আমাকে এখনই টাকা দিতে হবে।’ এরপর হত্যার উদ্দেশ্যে তাঁকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। এতে তাঁর বাম চোখের নিচে আঘাত লাগে।
তিনি আরও বলেন, তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। এ ঘটনায় তিনি নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।