নোয়াখালীতে নতুন ট্রেন চালু ও রেলসেবা উন্নয়নের দাবিতে সচিবকে স্মারকলিপি


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ ২৪৮
নোয়াখালীতে নতুন ট্রেন চালু ও রেলসেবা উন্নয়নের দাবিতে সচিবকে স্মারকলিপি

বৃহত্তর নোয়াখালীতে রেলসেবার মানোন্নয়ন, নতুন ট্রেন চালু, বিদ্যমান ট্রেনের সময়সূচি পরিবর্তন, যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং রেল অবকাঠামোর আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামকে স্মারকলিপি দিয়েছে নোয়াখালীবাসীর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে ঢাকা-নোয়াখালী রুটের আন্তনগর উপকূল এক্সপ্রেসের অব্যবস্থাপনা ও সময়সূচির অসঙ্গতি দূর করা, ট্রেনে চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধে নিরাপত্তা জোরদার, চৌমুহনী রেলওয়ে স্টেশন আধুনিকায়ন ও রি-মডেলিং, চৌমুহনী-লক্ষ্মীপুর রেলপথ ডাবল লাইনে উন্নীত করা এবং সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ বিভিন্ন দাবি জানানো হয়।

প্রতিনিধিদলে ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন হৃদয় এবং নোয়াখালী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হামিদ রনি।

স্মারকলিপিতে বলা হয়, একসময় নোয়াখালীতে লোকাল ট্রেন চলাচল করত। রাতে ঢাকা-নোয়াখালী রুটে ‘নোয়াখালী এক্সপ্রেস’ ও ‘ঢাকা এক্সপ্রেস’ নামে লোকাল ট্রেন চলাচল করায় নিম্নআয়ের মানুষসহ সাধারণ যাত্রীরা কম খরচে যাতায়াতের সুযোগ পেতেন। বর্তমানে এসব ট্রেনের সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্মারকলিপিতে সুবর্ণচর এক্সপ্রেস চালু, উপকূল এক্সপ্রেসের সেবার মানোন্নয়ন, লাকসাম-নোয়াখালী রেলপথ আধুনিকায়ন, চৌমুহনী-লক্ষ্মীপুর রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন, সোনাপুর-চেয়ারম্যানঘাট রেললাইন সম্প্রসারণ এবং নোয়াখালী-ফেনী-চট্টগ্রাম রেল যোগাযোগ শক্তিশালী করার দাবি জানানো হয়।

এ ছাড়া নোয়াখালী রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর উন্নয়ন, রেলওয়ের জমি ও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার এবং নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনীকে নিয়ে দীর্ঘমেয়াদি আঞ্চলিক রেল নেটওয়ার্ক পরিকল্পনা গ্রহণের দাবি রয়েছে। একই সঙ্গে নোয়াখালীকে রেলওয়ের বিশেষ উন্নয়ন অগ্রাধিকার অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

স্মারকলিপি গ্রহণকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘নোয়াখালীর ট্রেন সমস্যা নিয়ে আমরা অবগত আছি। বর্তমানে আমাদের ইঞ্জিন সংকট রয়েছে। এ সংকট কেটে গেলে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালু করা হবে। নোয়াখালীর মতো একটি জেলায় ট্রেন দিতে না পারা আমাদের জন্য লজ্জার বিষয়।’

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বর্তমানে উপকূল এক্সপ্রেসের সময়সূচি যাত্রীবান্ধব নয়। নির্ধারিত সময়ের তুলনায় ট্রেনটি প্রায় প্রতিদিনই তিন থেকে চার ঘণ্টা বিলম্বিত হচ্ছে বলে তাঁদের অভিযোগ। পাশাপাশি ট্রেনে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

উপকূল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের বিষয়ে সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, ‘উপকূল এক্সপ্রেসের টাইম সিডিউল পরিবর্তনের বিষয়ে আমরা চেষ্টা করছি। কোন সময় নির্ধারণ করলে জেলাবাসীর জন্য সুবিধা হবে, সে অনুযায়ী সময়সূচি করার চেষ্টা চলছে।’

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, চৌমুহনী রেলওয়ে স্টেশনের রি-মডেলিং ও আধুনিকায়নসহ সামগ্রিক উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হবে। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।

এদিকে নোয়াখালীর রেলসংক্রান্ত বিভিন্ন সমস্যা রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১ অধিশাখা) খালেদা আক্তার এনডিসির কাছেও তুলে ধরা হয়। তিনি বলেন, ‘নোয়াখালীর রেলের সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি।’ এসব সমস্যা সমাধানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নামজুল ইসলামকে বিষয়গুলো অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রতিনিধিদল আশা করছে, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করা হলে বৃহত্তর নোয়াখালীর মানুষের রেল যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০