বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে মেইন পিলার ৮৬৪/৫ থ্রি-এসএল এলাকার কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ইসলাম পঁচাভান্ডার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যে জানা যায়, ভোররাতে কয়েকজন বাংলাদেশি গরু পারাপারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় চেনাকাটা ক্যাম্পে অবস্থানরত বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সবুজ ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুলির শব্দে সঙ্গে থাকা অন্যরা পালিয়ে নিরাপদে ফিরে আসেন। পরে নিহত যুবকের মরদেহ বিএসএফ নিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে বলে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা দাবি করেছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহত সবুজ ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ই-প্রিন্ট