শিল্পী নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা ও নিরপেক্ষ তদন্তের দাবি

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক আর্ট ক্যাম্পে শিল্পী নির্বাচন ও তাঁদের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। সংগঠনটির অভিযোগ, শিল্পী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় শিল্পী নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়।

বাংলাদেশি চারুশিল্পী সংসদ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষার স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ১২ অক্টোবর এক দিনের আর্ট ক্যাম্পটির আয়োজন করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী কয়েকজন শিল্পীর নির্বাচন ও তাঁদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে সাধারণ শিল্পী এবং জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থক শিল্পীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সংগঠনটির পক্ষ থেকে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি দেওয়া হয়। এর অনুলিপি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়। এতে আর্ট ক্যাম্পের শিল্পী নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা, সংশ্লিষ্ট শিল্পীদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে সংগঠনটির অভিযোগ, এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ ছাড়াই নির্ধারিত দিনে আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে ১২ অক্টোবর বাংলাদেশি চারুশিল্পী সংসদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী পাপ্পু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ সংগঠনের সদস্য ও চারুশিল্পীরা প্রতিবাদ সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও স্মৃতির মর্যাদা রক্ষায় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা, শিল্পী নির্বাচন এবং বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের তালিকা কারা এবং কী প্রক্রিয়ায় তৈরি করেছেন, সে প্রশ্নও সভায় উত্থাপন করা হয়।

এদিকে শিল্পী নির্বাচন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক কাউসার হাসান টগর, অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, অধ্যাপক আব্দুল আযিয এবং অধ্যাপক ড. শামীম রেজা আর্ট ক্যাম্পটি বর্জন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ।

সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১২ অক্টোবরের আর্ট ক্যাম্পের শিল্পী নির্বাচন প্রক্রিয়া পুনর্বিবেচনা, উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ মূল্যায়ন এবং ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাসকেন্দ্রিক সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের জন্য স্বচ্ছ, গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে।

বাংলাদেশি চারুশিল্পী সংসদের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ কোনো দলীয় বা গোষ্ঠীগত বিবেচনার বিষয় নয়; বরং এটি জাতীয় ইতিহাস, জনমানুষের আকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত। এ স্মৃতির মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ই-প্রিন্ট