সাংবাদিক দুলালের ওপর হা মলার প্রধান আসামি গ্রেপ্তার

✎ আব্দুল বারী দুলাল, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হত্যাচেষ্টা ও হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সাদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমানের অবস্থান শনাক্ত করার পর সাদাপোশাকে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) প্রথমে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করেন। পরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমানুজ্জামান আমান (২৪) গঙ্গাচড়া উপজেলার উমর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ০৫, তারিখ ৪ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ২৮৬/২৬-এর তিনি এক নম্বর আসামি।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে হামলার শিকার হন সাংবাদিক আব্দুল বারী দুলাল। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান এবং জরিমানার সংবাদ প্রকাশের জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৩০ সেপ্টেম্বর। ওই দিন গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালান গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মুচলেকা নেওয়া হয়। এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাংবাদিক দুলালকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উমর বাজারে একা পেয়ে কয়েকজন ব্যক্তি সাংবাদিক দুলালের পথরোধ করেন। এ সময় হামলাকারীদের কয়েকজন তাঁর গলা চেপে ধরেন এবং পেছন থেকে হাত আটকে রাখেন। পরে অন্য একজন কাঠ কাটার ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এরপরও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং শার্টের পকেটে থাকা অপো এ৫৭ মডেলের একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন সাংবাদিক আব্দুল বারী দুলাল। মামলায় আমানুজ্জামান আমান, কামরুজ্জামান, রোকনুজ্জামান বাবুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি। তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, বালু ব্যবসায়ীদের হামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলাল গুরুতর আহত হয়েছিলেন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি আমানুজ্জামান আমান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে রংপুর মহানগরীর সাদাপীর এলাকার ড্রিম টাচ ফুলের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ই-প্রিন্ট