রাশিয়ান নেভী প্যাসিফিক ফ্লিট শীপ SOVERCHENNY এবং REZKIY এর অধিনায়কসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের চট্টগ্রাম বন্দর পরিদর্শন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
রাশিয়ান নেভী প্যাসিফিক ফ্লিট শীপ SOVERCHENNY এবং REZKIY এর অধিনায়কসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো: গত ২৫ মার্চ রাশিয়ান নেভী প্যাসিফিক ফ্লিট এর ডেপুটি কমান্ডার Captain Gaevoy Andrey Alexandrovich, SOVERCHENNY জাহাজের কমান্ডিং অফিসার Captain Shmagin Artem Sergeevich এবং REZKIY জাহাজের কমান্ডিং অফিসার Captain Kovalev Evgeniy Ivanovich সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এ সময়ে রাশিয়ান দুতাবাসের Security Attachê Colonel Pavel Ivashinnikov ও উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে আগমনের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মাননীয় চেয়ারম্যান প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় চেয়ারম্যান, চবক রাশিয়ান নাবিক ইউরি রেডকিনকে স্মরণ করে বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত ও সচল করতে ইউরি রেডকিনের অবদান অপরিসীম।

সোভিয়েত টাস্কফোর্সের অংশ হিসেবে তিনি বন্দর সচল করতে কাজ করছিলেন। তার আত্মত্যাগের স্মরণে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমির ভেতরে ‘রেডকিন পয়েন্ট’ স্থাপন করা হয়েছে যেখানে বাংলাদেশের বহু পর্যটক ভ্রমণ করেন এবং রেডকিনের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মাননীয় চেয়ারম্যান তার সময়কালে বন্দরের বিভিন্ন সাফল্যের বিষয়ে প্রতিনিধি দলকে অবগত করলে তারা চট্টগ্রাম বন্দরের বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন। চবক চেয়ারম্যান প্রতিনিধি দলকে তার রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং রাশিয়ার ক্যাডেটদের বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

এ সময় চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরকে আরো দক্ষ ও বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে রাশিয়ার সহযোগিতার কামনা করেন। দুদেশের প্রতিনিধিগণ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরো গভীর করতে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), সচিব, চবক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।