
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দুপুর ১২টার দিকে জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের নেতৃত্বে জেলা ডাকবাংলা প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ হাসান চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্লোগানে শহরের সড়কগুলো মুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় নেতাকর্মীদের আবির মাখানো, নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে দেখা যায়।
শোভাযাত্রা শেষে জেলা ডাকবাংলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে বলে দাবি করেন তাঁরা। বর্তমান পরিস্থিতিতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেন বক্তারা।