মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী, কুষ্টিয়ায় তিন দিনের উৎসব

✎ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
প্রকাশিত হয়েছে: ১৩ নভেম্বর, ২০২৬

বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় তাঁর জন্মভিটায় শুরু তিন দিনব্যাপী উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে থাকছে লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা ও গ্রামীণ মেলা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এতে সভাপতিত্ব কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম।

আয়োজকেরা জানান, আগে কবির জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী অনুষ্ঠান হলেও এবার নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন লাঠিখেলা ও আলোচনা সভা শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা। এদিন মঞ্চস্থ হবে মীর মশাররফ হোসেনের রচিত নাটক ‘জমিদার দর্পণ’। নাটকটি পরিবেশন করবেন উপজেলা শিল্পকলা একাডেমি ও বিজয় নাট্যগোষ্ঠীর শিল্পীরা।

দ্বিতীয় দিন শনিবারও থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। আগামী রোববার (১৫ নভেম্বর) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের আয়োজন। উৎসবের প্রতিদিনই বসবে গ্রামীণ মেলা।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর বাবা মীর মোয়াজ্জেম হোসেন এবং মা দৌলতন নেসা।

উপন্যাস, নাটক, প্রবন্ধ, ধর্মীয় গ্রন্থ ও সংগীত রচনার পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন তিনি। তাঁর লেখা প্রকাশিত হয়েছে ভারতী, সংবাদ প্রভাকর, মিহির, হাফেজ, আহমদী ও নবরত্নসহ বিভিন্ন পত্রিকায়।

মীর মশাররফ হোসেনের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘বিষাদ-সিন্ধু’, ‘রত্নাবতী’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘রাজিয়া খাতুন’, ‘তহমিনা’ ও ‘বাঁধাখাতা’। তাঁর রচিত নাটক ‘বসন্ত কুমারী’ ও ‘জমিদার দর্পণ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৮৮৫ সালে প্রকাশিত ‘বিষাদ-সিন্ধু’ তাঁকে বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, কবির জন্মবার্ষিকী উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী উৎসবে লাঠিখেলা, গ্রামীণ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে কবির জন্মোৎসব জাতীয়ভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে।

ই-প্রিন্ট