
মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃ আব্দুল কালাম :উৎসবের আনন্দ আর বিদায়ের বিষাদের সুরে মৌলভীবাজারে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, শেষ অঞ্জলি ও ঐতিহ্যবাহী সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন।
আজ সকাল থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় বিজয়ার আনুষ্ঠানিকতা। বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবীর চরণে শেষ অঞ্জলি প্রদান করেন। নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধ সকলের উপস্থিতিতে প্রতিটি মণ্ডপ মুখরিত হয়ে ওঠে।
বিজয়া দশমীর মূল আকর্ষণ ছিল সিঁদুর খেলা। বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করে নিজেদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকা এবং পরিবার ও বিশ্বের মঙ্গল কামনা করেন। পরে তারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়ে বিজয়ার আনন্দ ভাগাভাগি করে নেন। মণ্ডপে মণ্ডপে তখন ছিল এক আবেগঘন পরিবেশ।
দীর্ঘ ছয় দিনের পূজা-অর্চনা, ঢাকের বাদ্য, আরতি ও আলোকসজ্জার আনন্দের পর এখন মণ্ডপে কেবলই বিদায়ের করুণ সুর। “আসছে বছর আবার হবে” — এই জয়ধ্বনি এবং আগামী বছর দেবী আবার মর্ত্যে আসবেন এই আশা বুকে নিয়ে জেলা শহরসহ বিভিন্ন নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।
এদিকে বিসর্জন পর্ব শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।