রাজনগরে মুনিয়া খালের ওপর সেতু নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

✎ মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে: ২০ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুনিয়া খালের ওপর সেতু নির্মাণকাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চলমান রয়েছে বলে দাবি করলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

মাটি পানিতে চলে যাওয়ার আশঙ্কায় কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান এলাকাবাসী।

প্রকল্পের সাইনবোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু-কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় মোকামবাজার থেকে মুন্সীবাজার পাকা রাস্তার দক্ষিণে মুনিয়া খালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৩৩ টাকা। বাস্তবায়নকাল উল্লেখ করা হয়েছে **২০২৪-২০২৫ অর্থবছর**।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে সাইনবোর্ডে উল্লেখ রয়েছে **মেসার্স নিশান ট্রেডার্স**।

এ বিষয়ে রাজনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কাজ চলমান রয়েছে। বিস্তারিত জানতে অফিসে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কাজ চলমান রয়েছে বলে দাবি করেন।

তবে স্থানীয়দের বক্তব্য, সেতুর নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তাঁদের আশঙ্কা, নির্মাণকাজের মাটি পানিতে চলে যাচ্ছে। এতে প্রকল্পের কাজের অগ্রগতি ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজের বর্তমান অবস্থা সরেজমিনে তদন্ত করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ই-প্রিন্ট