
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১নং ফতেপুর ইউনিয়নের মোকামবাজার-রাজনগর সড়কে আবারও শুরু হয়েছে সরকারি গাছ চুরির মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে সড়কের পাশের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে।
এর আগেও গত বছরের নভেম্বরে এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক সপ্তাহ ধরে ১নং ফতেপুর ইউনিয়নের মোকামবাজার থেকে রাজনগর পর্যন্ত সড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির সরকারি গাছ রাতের আধাঁরে কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
চোরচক্রটি গাছগুলো কেটে সরাসরি স্থানীয় মোকামবাজারের বিভিন্ন স’মিল (করাত কল) বা ছমিলে নিয়ে যাচ্ছে। সেখানে দিন-রাত সমানতালে কাঠ চেরাই করে তা অন্যত্র বিক্রি করা হচ্ছে, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই সময় কিছুদিন গাছ কাটা বন্ধ থাকলেও সম্প্রতি চক্রটি আবারও বেপরোয়া হয়ে উঠেছে।
সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের দীর্ঘসূত্রতা বা যথাযথ নজরদারির অভাবেই চোরেরা এই দুঃসাহস দেখাচ্ছে।
এলাকাবাসীর দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান”আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। দিনের বেলাও দেখা যায় করাত কলগুলোতে সরকারি গাছ পড়ে আছে।
এভাবে গাছ উজাড় হতে থাকলে পরিবেশের যেমন ক্ষতি হবে, তেমনি সরকারেরও লক্ষ লক্ষ টাকা লোকসান হচ্ছে। আমরা দ্রুত এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং বন বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।
প্রকৃতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দ্রুত এই অবৈধ গাছ কাটা বন্ধ করা জরুরি। এলাকাবাসী আশা করছেন, এবার অন্তত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে এই বৃক্ষ নিধন বন্ধে কার্যকর ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :