কুলাউড়ায় ঝড়ের কবলে পড়ে রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু


কুলাউড়া প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
কুলাউড়ায় ঝড়ের কবলে পড়ে রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে জুয়েল মিয়া (৪৫) নামে এক রিকশা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার আছুরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জুয়েল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিতলা গ্রামের মরতুজ আলীর ছেলে। তিনি দীর্ঘ ৪ বছর ধরে কুলাউড়া এলাকায় বসবাস করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকস্মিক ঝড়ো হাওয়া শুরু হলে রিকশা নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জুয়েল।

 

এসময় তিনি রিকশাসহ পাশের গভীর খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পরিচয় পাওয়া না গেলেও পরে তার নাম-ঠিকানা শনাক্ত করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রবাসী অধ্যুষিত এই জনপদে শ্রমিকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।