
নিহত জুবায়ের আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুবায়েরের বন্ধু শাকীল জানান, দুপুরে বাড়িতে অবস্থানকালে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনরা হাসপাতালে ছুটে গেলেও ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, বাড়ির গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দেওয়ায় জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই জুবায়েরের মৃত্যু হয়েছিল। পরিবারের সদস্যরা তাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তথ্য জানিয়েছেন।
মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক সংযোগ ও তারের ত্রুটি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :