নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হ.ত্যা.র হু.ম.কি, ‘লা.শ বিলে ভাসিয়ে দেব’


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ ৯৮
নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হ.ত্যা.র হু.ম.কি, ‘লা.শ বিলে ভাসিয়ে দেব’

নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সেবাগ্রহীতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ব্যক্তি কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, “আপনাকে হত্যা করে লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব।” একই সঙ্গে কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখারও হুমকি দেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে মোস্তাফিজুর রহমান নামের এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাঁকে দেখেই মোস্তাফিজুর রহমান উত্তেজিত হয়ে পড়েন।

ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, “কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেন? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে ১৫ দিন লেগেছে।”

জবাবে সিরাজুল ইসলাম বলেন, “তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দেব।”

এরপর মোস্তাফিজুর রহমান বলেন, “সংশোধন করে নিয়ে আসব, কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া-আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেব। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান, সেটি দেখে নেব।”

সরকারি কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাব। এরপর আমার যা হবে হবে।”

নিজের অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৮ মে তিনি একটি জমির নামজারি করার জন্য আবেদন করেছিলেন। প্রথমে আবেদনটি বাতিল করা হয়। পরে পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল করা হয়। তাঁর অভিযোগ, এভাবে তাঁকে বারবার হয়রানি করা হয়েছে।

তবে ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে এসিল্যান্ডের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এদিকে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, “বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।”

নাম প্রকাশ না করার শর্তে নওগাঁয় কর্মরত কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ভূমি সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে সরকারি কার্যালয়ে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া উদ্বেগজনক। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এ ধরনের ঘটনা আপস-মীমাংসার সুযোগ নেই। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড আইনগত পদক্ষেপ না নিলে আমি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

এ ঘটনায় ভূমি কর্মকর্তার নিরাপত্তা ও সরকারি কার্যালয়ে সেবাদানের পরিবেশ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১