
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় সংসদ সদস্য কর্তৃক আচরণ বিধি লংঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী।
গত মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম ফয়জুর সিরাজ জুয়েল তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও তার সমর্থকরা বিভিন্ন জনসভায় এমপির পছন্দের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন।
এছাড়া তিনি অভিযোগ করে বলেন বিএনপি নেতা কথিত শিল্পপতি আসাদুজ্জামান নয়নকে আসন্ন উপজেলা নির্বাচনে স্থানীয় এমপি ও তার সমর্থকরা সমর্থন করে জনসংযোগ করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ এবং এতে দলের মধ্যে বিভাজন সৃষ্টি হবে।
এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :