
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্টও ওই সাজা বহাল রাখেন।
তবে হাইকোর্টের রায়ের পর কয়েকজন আসামি আপিল বিভাগে আবেদন করায় এখনো চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি। ফলে সাজা কার্যকর নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, হাইকোর্টের রায়ের পরও তাদের অপেক্ষা শেষ হয়নি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তারা শুধু মামলা সিরিয়াল অনুযায়ী এগোনোর কথা শুনছেন। এখন তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই বলেও জানান তিনি।
আবরারের বাবা মো. বরকত উল্লাহ বলেন, রায় কার্যকর না হওয়ায় তিনি হতাশ। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে সাজা কার্যকরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।