
গ্রেপ্তার ছানোয়ার প্রামাণিক সাঁথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী তরুণীর মায়ের চাচাতো ভাই বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তালাকের পর ওই তরুণী মায়ের বাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত ছানোয়ার বিভিন্ন সময়ে তাঁকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট তরুণী বাড়ির বাইরে ছাগল রাখতে গেলে তাঁকে জোরপূর্বক পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে গত ৪ নভেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ভুক্তভোগীর মা বলেন, অভিযুক্ত তাঁর চাচাতো ভাই। কিন্তু তাঁর মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।