
তবে হ্যাকারদের সঙ্গে কোনো ধরণের লেনদেনে না গিয়ে গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভবিষ্যতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে গ্রাহকদের প্রতি কিছু পরামর্শ দিয়েছে স্বপ্ন।
কী হয়েছিল স্বপ্ন’র ডেটাবেজে
বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। তবে গত বছর এসব গ্রাহকের তথ্য হ্যাক করে নিয়ন্ত্রণে নেয় হ্যাকার গ্রুপ র্যানসমওয়্যার। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের এসব তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
কী ব্যবস্থা নিলো স্বপ্ন
বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানায়, ঘটনার পরপরই বিষয়টি তারা এসিআই লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টকে অবহিত করে এবং এসিআই লিমিটেডের এমআইএস বিভাগের পরিচালকের তত্ত্বাবধানে একটি অডিট পরিচালনা করা হয়। নিবিড় বিশ্লেষণে সিস্টেমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসিআই’র এমআইএস স্বপ্ন’র আইটি অবকাঠামোকে নিরাপত্তা বলয়ে ঢেলে সাজাতে যেসব পদক্ষেপ নিয়েছে:
• ইন্টারনেট ও নেটওয়ার্ক সুরক্ষায় বিশ্বমানের নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল এবং সার্ভারের সুরক্ষায় শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন স্থাপন করা হয়েছে।
• স্বপ্ন’র সকল সার্ভার, হেড অফিসের সকল কম্পিউটার এবং দেশব্যাপী আউটলেটগুলোতে বিশ্বের অন্যতম অত্যাধুনিক এন্ডপয়েন্ট প্রটেকশন ও অ্যাডভান্সড অ্যান্টিভাইরাস সিস্টেম নিশ্চিত করা হয়েছে।
• ফায়ারওয়াল লগ ও নেটওয়ার্ক ট্রাফিক সার্বক্ষণিক মনিটরিং করার জন্য ডেডিকেটেড দেশি-বিদেশি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে।
• হ্যাকের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ দেশের শীর্ষস্থানীয় সকল গোয়েন্দা সংস্থাকে এই সাইবার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে- তাদের সার্বিক সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
• এসিআই লিমিটেডের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের এমআইএস নিরলসভাবে উদ্ভূত পরিস্থিতি সমাধানে কাজ করছে এবং গ্রাহকের সংবেদনশীল ব্যাক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
গ্রাহকদের প্রতি স্বপ্ন’র আহ্বান
১. অজানা বা সন্দেহজনক নম্বর থেকে আসা কল বা মেসেজে কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার করবেন না।
২. ফোনে আসা কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
৩. স্বপ্ন থেকে ফোন করে কখনোই গ্রাহকের পাসওয়ার্ড বা ওটিপি (ওটিপি) জানতে চাওয়া হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :