
বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারিক যাত্রায় নতুন অধ্যায় সূচিত হলো।
কেন্দ্রটির প্রথম গ্রিড সংযোগের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
প্রাথমিক পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পর্যায়ের পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেম, টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সংশ্লিষ্ট সব কারিগরি পরীক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে।
রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন করার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়া সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটটি রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।
সংশ্লিষ্টদের আশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হওয়ার ঘটনাকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।