মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি বিজিএমইএ-বিকেএমইএর

✎ বিকেডি আবির, ঢাকা
প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময় থাকায় দ্রুত মজুরি ঘোষণা প্রয়োজন বলে মনে করছে সংগঠন দুটি।

সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। প্রস্তাব উপস্থাপনের জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুত ছিল বলে জানিয়েছে সংগঠন দুটি।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে মালিকপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালিকপক্ষ আশা করছে, নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের তারিখ নির্ধারিত থাকায় দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন কারখানার মালিকেরা।

শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করে যৌথ বিবৃতিতে বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

ই-প্রিন্ট