
আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট আসনের মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন বরাদ্দ রয়েছে। ইউনিটভিত্তিক আসনসংখ্যা হলো—এ ইউনিটে ৪২৪টি, বি ইউনিটে ৩৯৬টি, সি ইউনিটে ৪০২টি, সি১ ইউনিটে ৬৪টি, ডি ইউনিটে ৩১৬টি, ই ইউনিটে ১৭৬টি এবং আইবিএ-জেইউতে ৭০টি।
ভর্তি পরীক্ষার আবেদন ফি এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা, ই ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি১ ও আইবিএ-জেইউ ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আবেদনকারীকে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
আগামী ২৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি, ভবন ও কক্ষসংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্নের বিপরীতে পূর্ণমান ৯০ নম্বর। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ১২৫ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। ওএমআর শিট পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে। সব ইউনিটে পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষার ফল তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ থেকেও নম্বর যুক্ত হবে। মাধ্যমিক পরীক্ষার জিপিএকে ০ দশমিক ৭৫ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএকে ১ দশমিক ২৫ দিয়ে গুণ করে প্রাপ্ত নম্বর ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইউনিটভেদে মোট জিপিএ ও পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে।
এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ৬ দশমিক ৫০ থাকতে হবে।
সি ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৬ দশমিক ৫০ প্রয়োজন। সি১ ইউনিটে মোট জিপিএ ৬ দশমিক ৫০, ডি ইউনিটে ৮ দশমিক ০০ এবং ই ও আইবিএ-জেইউ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৭ দশমিক ৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ৬ দশমিক ৫০ থাকতে হবে। প্রতিটি ক্ষেত্রেই পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএর শর্ত রয়েছে।
এ ছাড়া বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ের নির্দিষ্ট বিষয়ে ন্যূনতম গ্রেড এবং ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর পাওয়ার শর্তও রাখা হয়েছে। সি১ ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ক্ষেত্রে এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়ম, বিভাগভিত্তিক যোগ্যতা ও আসনসংখ্যা ওই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।