জাবির উপাচার্যকে প্রাক্তন ছাত্রদল ফোরামের সংবর্ধনা

✎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত হয়েছে: ১০ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামসহ দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে পাঠ্যক্রম আধুনিকায়ন এবং বিদেশি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহস্মদ নজরুল ইসলাম নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারলেই দায়িত্ব ও পদের সার্থকতা আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সাবেক আহ্বায়ক ও সপ্তম জাকসুর এজিএস আব্দুল আউয়াল মোল্লা। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ই-প্রিন্ট