
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম বোর্ডে এ সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোরে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২, বরিশালে ৫৩ হাজার ৪০৯, সিলেটে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি আবেদন জমা পড়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে উত্তরপত্র মূল্যায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। সদ্য প্রকাশিত এইচএসসির ফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি, বাংলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মতো আবশ্যিক বিষয়গুলোতে অনেক শিক্ষার্থী খারাপ ফল করেছেন। এসব বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেশি।
তিনি বলেন, তুলনামূলক খারাপ ফল এবং বেশি অকৃতকার্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বোর্ডগুলো কাজ শুরু করেছে।
শিক্ষক সংকটকে খারাপ ফলের অন্যতম কারণ উল্লেখ করে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হচ্ছে।
ঢাকা বোর্ডে ইংরেজি ও আইসিটিতে বেশি আবেদন
ঢাকা শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ইংরেজি ও আইসিটি বিষয়ে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমান ৪২ হাজার ২টি করে এবং আইসিটি বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন করা হয়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমান ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমান ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন জমা পড়েছে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা পড়েছে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় আবেদন পড়েছে ২ হাজার ৩৩১টি।
এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করেন। আবেদনের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।
ত্রুটিপূর্ণ মূল্যায়ন হলে পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এসএসসির উত্তরপত্র মূল্যায়নে বড় ধরনের অনিয়ম বা ব্যত্যয়ের অভিযোগে শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিষয়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণেও যদি কোনো পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের অসংগতি কিংবা অযৌক্তিক নম্বরের পার্থক্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
কোনো শিক্ষার্থীর আগের নম্বর এবং পুনর্নিরীক্ষণের পর পাওয়া নম্বরের ব্যবধান বিশ্লেষণ করে ত্রুটিপূর্ণ মূল্যায়ন শনাক্ত করা হবে বলেও জানান তিনি।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ২৩ নভেম্বর
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী, অনলাইনে জমা পড়া আবেদনগুলোর তথ্য প্রক্রিয়াকরণের পর সংশ্লিষ্ট উত্তরপত্র সংগ্রহ ও পরীক্ষক নিয়োগের মাধ্যমে পুনর্নিরীক্ষণের কাজ সম্পন্ন করা হবে। এরপর পরীক্ষকদের যাচাই করা নম্বর ও সংশ্লিষ্ট তথ্য কম্পিউটার সেলে পাঠানো হবে।
পরিবর্তিত নম্বর কম্পিউটারে অন্তর্ভুক্ত করার পর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত ফল প্রস্তুত করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর বলেন, পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে জমা পড়া বিপুলসংখ্যক আবেদন ও তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। ফলাফলে নম্বর পরিবর্তনের ক্ষেত্রে যাতে কোনো অসংগতি না থাকে, সে জন্য আইসিটি দল পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।