ভালোবাসা দিবসে আসছে জারসন বমের প্রথম নাটক ”শুধু তোমাকেই ভালোবাসি”


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
ভালোবাসা দিবসে আসছে জারসন বমের প্রথম নাটক ”শুধু তোমাকেই ভালোবাসি”

ইমরুল হাসান, নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একটি বম পরিবারে জন্ম জারসন বমের। ছোটবেলা থেকেই নেশা বৃত্ত ভাঙ্গার। পড়ালেখা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে। পার্বত্য জেলা বান্দরবান থেকে এই অপরিচিত শহর ঢাকায় আসার পথটা একদম সহজ ছিল না।

নির্মাতা হওয়ার স্বপ্ন থেকে জারসন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

এক সময় বান্নাহর প্রধান সহকারী পরিচালক হন তিনি। এরপর তিনি বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানান। এবার ভালোবাসা দিবসে জারসন প্রথম নাটক বানিয়েছেন। নাটকের গল্প প্রসেনজিৎ ওঝার। অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, সারজিন হোসাইন জিম, আফরিন আকন সহ আরো অনেকে।

গত ৪ ফেব্রুয়ারি প্রটিউন থিয়েটার বক্স ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। নির্মাতা জারসন বলেন আমার প্রথম নাটকের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। আশাকরি দর্শকদের চেনা গল্পে অচেনা এক ভালোলাগা কাজ করবে। আরশ খান জানান জারসনের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, ডিরেক্টর হিসেবেও চমৎকার। কাজটি ভালো হয়েছে। অভিনেত্রী তানিয়া বৃষ্টিও প্রশংসা করেন জারসনের নির্মাণ কৌশলের।